নারায়ণগঞ্জে আ.লীগের নতুন সদস্য সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, সংরক্ষিত আসনের সাংসদ হোসনে আরা, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নওফেল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ প্রমুখ।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বাড়ি বাড়ি যেতে হবে। ভোট কোনো নেতার পকেটে থাকে না। শেখ হাসিনার বাংলাদেশে প্রতিটি মানুষ ক্ষমতায়িত হয়েছে। যার যার ভোট সে নিজের বুঝমতো দেয়।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে, আর খালেদা জিয়া বিচার বন্ধ করতে ষড়যন্ত্র করে।