নারায়ণগঞ্জে আ.লীগের প্রার্থী আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। আজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাঁর মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনোনয়ন পাওয়ার পর প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মনোনয়নের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমি নারায়ণগঞ্জবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই। দলের সব স্তরের নেতা-কর্মীদের নিয়েই আমি নির্বাচন করব। এ জন্য সবার সহযোগিতা চাই।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
এ লক্ষ্যে গত মঙ্গলবার জেলা সার্কিট হাউসে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদের নাম পাঠানো হয়। এই তিনজনের মধ্যে সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সেলিনা হায়াৎ আইভী দলটির সভাপতি শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করেন। আজ তাঁর দলীয় মনোনয়ন চূড়ান্ত হলো।
গত মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম ওসমানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

আরও পড়ুন: