নারায়ণগঞ্জে কাউকে সমর্থন দেয়নি জাপা: মুজিবুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) কোনো প্রার্থী নেই। দলীয়ভাবে জাতীয় পার্টি কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। তাই কোনো প্রার্থীর পক্ষে কাজ করার কোনো দলীয় সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক এ কথা বলেন। এর আগে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনসহ সব নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেছে জাপার একটি প্রতিনিধিদল।

বৈঠক শেষে মুজিবুল হক বলেন, গত কয়েক মাসে স্থানীয় সরকার নির্বাচনের নামে সারা দেশে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনে শাসক দলের কর্মীরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের মারধর করেছেন, কোথাও কোথাও নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করেছেন। অত্যাচারের করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে নেতা-কর্মীদের। তাঁরা এসব বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো সুফল পাননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও ভোটারদের দায়িত্ব আছে। নির্বাচন কমিশন অনেক সময় চাইলেও পারে না, যদি শাসক দল ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা নিরপেক্ষ না হন।

নির্বাচনকালে নির্বাচন কমিশনের আদেশ পালন করতে স্থানীয় প্রশাসন বাধ্য—এমন আইন আছে। কিন্তু আদেশ না মানলে কী হবে, তা আইনে লেখা নেই বলেও মন্তব্য করেন জাপার এই নেতা।