নারায়ণগঞ্জে জোটবদ্ধ নির্বাচন করবে ২০ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থীর পক্ষে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ২০-দলীয় জোট। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন এই জোট।

গতকাল মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত ১০টায় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে এসব সিদ্ধান্তের কথা জানান।

দলীয় সূত্র জানায়, জোটের বৈঠক শেষে নারায়ণগঞ্জ জেলা, মহানগরসহ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। কাল দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মির্জা ফখরুল ব্রিফিংয়ে বলেন, নারায়ণগঞ্জে জোটের দুই শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টির দুজন মেয়র প্রার্থী আছেন। তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা, গাইবান্ধায় সাঁওতালদের গুলি করে হত্যা এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা নিরীহ মানুষের সম্পত্তি দখলের ঘটনার নিন্দা জানানো হয়। এসব ঘটনায় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করা হয়। এ ছাড়া খালেদা জিয়াসহ সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানির নিন্দা জানায় ২০ দল।

মির্জা ফখরুল বলেন, সভায় স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জন্য খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সে জন্য ২০-দলীয় জোট তাঁকে ধন্যবাদ জানিয়েছে। সভা মনে করে, খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। এর ভিত্তিতে শক্তিশালী ইসি গঠনে আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব ছাড়াও কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের আবদুল হালিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।