নারায়ণগঞ্জে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় সেলিনা হায়াৎ আইভীকে নৌকা উপহার দেয় সমর্থকেরা। ছবি: প্রথম আলো
১০ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় সেলিনা হায়াৎ আইভীকে নৌকা উপহার দেয় সমর্থকেরা। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পুরো এলাকায় চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ভোট চাইছেন। দিন যতই যাচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ উৎসমুখর হয়ে উঠছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় জনসংযোগে যোগ হয় ভিন্ন মাত্রা।

এদিন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল, আরামবাগ, লক্ষ্মী-নারায়ণ কটন মিলস, ২ নম্বর ঢাকেশ্বরী, চৌধুরী বাড়ি, ইব্রাহিম কটন মিলস, এসিআই পানিরকল এলাকায় গণসংযোগ করেন। আইভী ১০ নম্বর ওয়ার্ডে পৌঁছালে ভোটাররা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অনেকে আইভীকে ফুলের তৈরি নৌকা উপহার দেন।

এ সময় সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুবই ভালো। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, দলমতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবে।’

অন্যদিকে, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান শুক্রবার সকালে ১২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। তিনি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডন চেম্বার, মিশনপাড়া, চানমারী বস্তি ও চাষাঢ়ায় গণসংযোগ করেন। পরে তিনি ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, নিকাইকাশারী, নয়আটি, রসুলবাগ ও মাদানীনগর এলাকায় গণসংযোগ করেন।

এ সময় বিএনপির প্রার্থী বলেন, ‘মানুষের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। সিটি করপোরেশনে ১৩ বছর যাবৎ একজন ব্যক্তি ছিলেন, তিনি কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। তাই নারায়ণগঞ্জের মানুষের মধ্যে অতৃপ্তি রয়ে গেছে। এবারের নির্বাচনে সবার মাঝে যে মনোভাব দেখছি, তারা একটি পরিবর্তন চায়। ধর্মবর্ণ–নির্বিশেষে সবার মধ্যে একটা পরিবর্তনের আভাস পাচ্ছি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার মূল নিয়ামক এখানকার পৌনে পাঁচ লাখ ভোটার। তাঁরা সবাই বলেছেন পরিবেশ ভালো আছে।’

সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে গণসংযোগে ব্যস্ত সাখাওয়াত হোসেন খান। ছবি: প্রথম আলো
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে গণসংযোগে ব্যস্ত সাখাওয়াত হোসেন খান। ছবি: প্রথম আলো

সিটি নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ হয়ে উঠেছে পোস্টারের নগরী। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পুরো মহানগরী পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছেন। অনেক প্রার্থী তাঁদের পোস্টার বৃষ্টি ও কুয়াশা থেকে রক্ষা করতে পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছেন। নগরীর প্রধান প্রধান সড়কসহ অলিগলি, পাড়া-মহল্লায় ছবিসংবলিত পোস্টার ঝুলিয়ে দিয়েছেন।