নারায়ণগঞ্জে যুবদলের কর্মসূচিতে পুলিশের বাধা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল রোববার আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
গতকাল দুপুরে নগরীর দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের করা হয়। ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে মিছিলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আবারও সমাবেশের চেষ্টা করেন। এ সময় ব্যানার কেড়ে নেয় পুলিশ। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সংগঠনের ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম, সোনারগাঁ থানার সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন প্রমুখ।
জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া মিছিল করায় নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল। তবে পুলিশ কোনো বাধা দেয়নি।