কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছেন। এঁদের একজন শামীম ওসমান, অপরজন হলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। কাদের সিদ্দিকী আরও বলেন, ‘এঁরা দুজনই আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দুজনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরি করে রেখেছেন। নারায়ণগঞ্জের মানুষ সেই নাটক উপভোগ করছে।’
গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের প্রাথমিক সদস্যপদ প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
এ কে খন্দকারের ১৯৭১: ভেতরে বাইরে বইয়ের কারণে তাঁকে পাকিস্তানের দোসর ও দালাল বলার প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এটা ঠিক নয়। কারণ, এ কে খন্দকার একজন মুক্তিযোদ্ধা। তাঁকে সম্মান দেওয়া উচিত। বই লেখার কারণে তাঁকে দোসর, কুলাঙ্গার বলা ঠিক নয়। তবে তাঁর লেখা বইয়ের সবকিছু সঠিক নয়।
দলের জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দিকী, মো. জসিম, হাবিবুন নবী প্রমুখ।
কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে প্রয়োজনে দেখাশোনা করবেন। তিনি তাঁর কথা রেখেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে তিনি ওসমান পরিবারের সন্তান সেলিম ওসমানকে পাস করিয়ে তার দৃষ্টান্ত রেখেছেন।
অনুষ্ঠানের আগে কাদের সিদ্দিকী ও তাঁর কাদেরিয়া বাহিনীর ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর সঙ্গে কাদের সিদ্দিকীর অনেক বিরল ছবি ঠাঁই পেয়েছে।