গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা কমিটি যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ডেকেছে। গতকাল শুক্রবার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মার্চে এক ধাপ ও জুনে দ্বিতীয় ধাপ মিলে দুই ধাপে প্রায় ৫০ শতাংশ গ্যাসের মূল্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা জনজীবনে সংকট সৃষ্টি করবে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে গাড়িভাড়া, বাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন বেড়ে সমস্যা তৈরি করবে। আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেল ও গ্যাসের দাম কমছে, তখন সরকার উল্টোভাবে দাম জনগণের পকেট কেটে একটা অর্থনৈতিক লুটপাট শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। সরকার মিথ্যা তথ্য ও মিথ্যা হিসাব দেখিয়ে জনগণকে ভুল বুঝিয়ে মূল্যবৃদ্ধির নৈতিকতা প্রমাণের চেষ্টা করছে।
যৌথ বিবৃতির মাধ্যমে সিপিবি-বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা মূল্যবৃদ্ধির মাধ্যমে এই অর্থনৈতিক লুটপাটে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।