নারায়ণগঞ্জে সেনা চেয়ে ইসিকে বিএনপির চিঠি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের আবেদন করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহর কাছে এ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে ভোট গ্রহণের দিনের এক সপ্তাহ আগে থেকে ফলাফল ঘোষণার পর দিন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন জানানো হয়েছে। চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন শেষ সময়ে এসে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ভালো পদক্ষেপ নেবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচনের জন্যই নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।’
বিএনপির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অস্ত্র উদ্ধার, ভোটারদের নিরাপদে আসা-যাওয়া, ভোট কারচুপি রোধ, নির্বাচনী কর্মকর্তাদের দলীয় প্রভাবমুক্ত রাখা, ভোট গ্রহণের ১০ দিন আগে ভোট গ্রহণ কর্মকর্তাদের নামের তালিকা প্রার্থীদের সরবরাহ করা, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাৎক্ষণিক বদলি করা এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।