নারায়ণগঞ্জের আ.লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সেলিনা হায়াৎ আইভী ও দলের নারায়ণগঞ্জের নেতাদের নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জের দলীয় সাংসদ শামীম ওসমান ও মহানগর নেতাদের সঙ্গে আইভীর দূরত্ব কমানোর লক্ষ্যে এই বৈঠক হবে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন। তাঁরা মনে করেন, নির্বাচনে দলের সব পক্ষ যাতে একযোগে কাজ করে, সে জন্য দলীয় সভাপতি নির্দেশনা দেবেন।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠকের আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন শামীম ওসমান। এ জন্য গতকাল সোমবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি হয়েছে ওবায়দুল কাদেরের ধানমন্ডির বাসায়।
জানা গেছে, দলের অন্য নেতারা শামীম ওসমানকে নিয়ে ধানমন্ডির কার্যালয়ে বৈঠক না করার জন্য ওবায়দুল কাদেরকে পরামর্শ দেন। তাঁরা বলেন, ধানমন্ডির কার্যালয়ে বৈঠক হলে গণমাধ্যম হাজির হবে এবং তাতে শামীম ওসমান বক্তব্য দিতে পারেন; যা দলের মনোনয়ন পাওয়া প্রার্থী আইভীর জন্য ইতিবাচক না-ও হতে পারে। ওই নেতারা শামীম ওসমানকে বেশি গুরুত্ব না দেওয়ারও পক্ষে মত দেন বলে কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন।