নারী ও শিশু ধর্ষণ চলছে তুফান গতিতে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দেশে এখন নারী ও শিশু ধর্ষণ তুফান গতিতে চলছে। বগুড়ার তুফান সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ডেরই প্রতিফলন ঘটিয়েছে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতায় সহায়ক সরকারের ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর আয়োজন করে।
বগুড়ায় মা-মেয়ের ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে মওদুদ বলেন, ‘কী অসম্ভব একটা বর্বরতা! কী অসম্ভব একটা হিংস্রতা! এটা কেন হচ্ছে? কারণ এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। যত দিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে, তত দিন এই নারী ও শিশুদের ধর্ষণ চলতেই থাকবে।’
মওদুদ আহমদ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, এই রায়ের মাধ্যমে দেশের মানুষের মনে যে ইচ্ছা, ক্ষোভ-দুঃখ, নালিশ—সেগুলোর প্রতিফলন হয়েছে। তিনি বলেন, ‘আইনমন্ত্রী এখন বলছেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছেন। আমি বলি, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা নিতে চাচ্ছেন না। তিনি ১৯৭২ সালে আপনাদের মূল সংবিধানের যে ১১৬ অনুচ্ছেদ ছিল, সেটাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার প্রমুখ।