পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদীর বিরুদ্ধে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাহিদা বেগমকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত না করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভায় সাহিদা বেগম তাঁর জমা দেওয়া উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ না করার অভিযোগ তোলেন।
সাহিদা বেগম প্রথম আলোকে বলেন, তিনি ২০০৯ সালে প্রথমবারের মতো উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আবারও তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদে চার দফায় টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্দ আসে। প্রথম দফার বরাদ্দ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী একবার সাহিদার জমা দেওয়া উন্নয়ন প্রকল্পে চার মেট্রিক টন টিআরের চাল বরাদ্দ দেন। এরপর থেকে তাঁর দেওয়া প্রকল্পে আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে জিয়ানগর উপজেলা পরিষদের অনুকূলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য টিআর ও কাবিখার ৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। তা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়জুল কবিরের প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে সাড়ে ১০ মেট্রিক টন বরাদ্দ দেন। বাকি সাড়ে ৩১ মেট্রিক টন উপজেলা পরিষদের চেয়ারম্যান ‘নিজের ইচ্ছেমতো’ প্রকল্প তৈরি করে বরাদ্দ দেন। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম ১০টি উন্নয়ন প্রকল্প পরিষদে জমা দিলেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহারের সই করা এক পরিপত্রে উপজেলা পরিষদের বার্ষিক বাজেটের শতকরা ৩ ভাগ পর্যন্ত নারী উন্নয়ন ফোরামের (নারী ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিদের নারী সদস্যদের নিয়ে গঠিত) জন্য বরাদ্দ এবং পরিষদের ২৫ ভাগ প্রকল্প নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। ওই পরিপত্র অনুযায়ী নারী ভাইস চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা পরিষদের অনুকূলে বরাদ্দের শতকরা ২৫ ভাগ কাজ বাস্তবায়নের কথা।
সাহিদা বেগম অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী সরকারি পরিপত্র না মেনে খেয়ালখুশিমতো প্রকল্প গ্রহণ করছেন। আমার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান কোনো বরাদ্দ না দেওয়ার কারণ মাসিক সভায় জানতে চাইলে তিনি (মাসুদ সাঈদী) আমার সঙ্গে খারাপ আচরণ করেন ও তিনি বলেন, এ বিষয়ে আপনার স্বামীকে জিজ্ঞেস করেন।’
মুঠোফোনে জানতে চাইলে মাসুদ সাঈদীর বলেন, ‘সাহিদা বেগম এবার বরাদ্দ পাননি। ভবিষ্যতে পাবেন। সাহিদা বেগমের স্বামী আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ভুয়া নাম দিয়ে লিখিত অভিযোগ করছেন। বিষয়টি সবাই জানেন।’