নারীর ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই: ইনু

ধর্মান্ধতা, কুসংস্কার, পুরুষতান্ত্রিকতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, এসব বাধা দূর করতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রিপ ট্রাস্ট আয়োজিত ‘অপরাজিতা: নারীর রাজনীতির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ স্ট্যান্ডিং কমিটির ‘অন্তরায় ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চারটি যুদ্ধের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য, নারী-পুরুষ বৈষম্য, পরিবেশ পরিবর্তনের অভিঘাত ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে বিজয়ের সঙ্গে নারী ক্ষমতায়ন ওতপ্রোতভাবে জড়িত।
স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতিতে নারীর অভিগম্যতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে ইনু বলেন, এ ক্ষেত্রে আইন ও বিধির যথাযথ প্রয়োগ ও প্রয়োজনে হালনাগাদকরণের বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। মন্ত্রী এ সময় জন্ম-মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ সামাজিক ক্ষেত্রগুলোতে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত নারী প্রতিনিধি শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা কামাল হায়দার।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন স্থানীয় সরকার বিষয়ক প্রশিক্ষক শেফালী বেগম। দেশের ১৫টি ইউপির নির্বাচিত নারী প্রতিনিধি এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার সভায় মুক্ত আলোচনায় অংশ নেন।