নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন
এক যুগ পর গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে মো. জিয়াউল হোসেনকে সভাপতি ও মো. ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় পাবলিক হল মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মো. আতিউর রহমান। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মো. জিয়াউল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক বক্তব্য দেন।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের ৬৭টি সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার প্রতিবাদে সাবেক সভাপতি আবদুল হালিম-সমর্থিত নেতা-কর্মীরা মিছিল করে নালিতাবাড়ী বাজারে সংক্ষিপ্ত সভা করেন। এ সময় তিনি এই কমিটিকে অগণতান্ত্রিক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান।