নালিতাবাড়ী জাতীয় পার্টিতে গৃহবিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর না যেতেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির কমিটি ভেঙে দেওয়ায় গৃহবিবাদ শুরু হয়েছে। সদ্য গঠিত আহ্বায়ক কমিটিতে বাদ পড়া দুই নেতা ক্ষুব্ধ হয়ে ‘প্রকৃত জাতীয় পার্টি’র কার্যক্রম চালাতে আলাদা কার্যালয় খুলেছেন।
এ বিষয়ে জাতীয় পার্টির জেলা সভাপতি ইলিয়াস আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিষ্ক্রিয়তার কারণে কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কয়েকজন নেতা দলে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছেন। ৬ ডিসেম্বর জেলা কমিটির সভায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৮ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে নালিতাবাড়ীতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।
তবে নেতা-কর্মীরা বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই এভাবে কমিটি ভেঙে দেওয়া ঠিক হয়নি। বিলুপ্ত কমিটির সভাপতিসহ অনেককে আহ্বায়ক কমিটিতে রাখা হলেও কয়েকজনকে বাইরে রাখা হয়েছে। এতে করে দল বিভক্ত হয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে মো. আক্কাছ আলীকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য নালিতাবাড়ী জাতীয় পার্টির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। জেলা কমিটি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর ওই কমিটি ভেঙে দেয়। এরপর ১৬ সেপ্টেম্বর জেলা কমিটির সভাপতি ইলিয়াস আলী ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে আক্কাছ আলীকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্যসচিব করা হয়। কিন্তু কমিটিতে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসানের ঠাঁই হয়নি।
ওই দুই নেতা নালিতাবাড়ী শহরের গড়কান্দা এলাকায় পৃথক কার্যালয় নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সম্প্রতি তাঁরা আগের পদবি ব্যবহার করেই এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলা প্রত্যাহার চেয়ে পোস্টার সাঁটিয়েছেন।
হাবিবুর রহমান বলেন, ‘এক বছর না যেতেই জেলা কমিটি তাদের ইচ্ছেমতো উপজেলা কমিটি ভেঙে দিয়েছে। এটা গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। এই আহ্বায়ক কমিটি আমরা মানি না। তাই আলাদা কার্যালয় নিয়ে প্রকৃত জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের নিয়ে কাজ করে যাচ্ছি।’
এদিকে বর্তমান আহ্বায়ক কমিটি উপজেলা সদরের তারাগঞ্জ বাজার এলাকায় দলের পুরোনো কার্যালয়ে কার্যক্রম চালাচ্ছে। এ অংশের নেতৃত্বে উপজেলায় দলকে সক্রিয় করতে মূল ভূমিকা রাখছেন জেলা কমিটির সহসভাপতি ও নকলা-নালিতাবাড়ী উপজেলার সমন্বয়কারী শওকত সাঈদ। তিনি আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শওকত সাঈদের পক্ষ থেকে এলাকায় পোস্টার সাঁটা হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহেল রানা বলেন, জাতীয় পার্টির উপজেলা কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এ কারণেই কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা কমিটি। এখন শওকত সাঈদের নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকদের চাঙা করার চেষ্টা চলছে। তিনি আশা করছেন, উপজেলায় দল দ্রুতই সুসংগঠিত হবে।