নাশকতা চললে সমঝোতার দরজা বন্ধ হয়ে যাবে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেট্রলবোমা হামলা এবং নাশকতা চললে সংলাপ-সমঝোতার দরজা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘বিএনপি এখন মধ্যবর্তী নির্বাচন চায়। এটা মামা বাড়ির আবদার নয়। আন্দোলনে ব্যর্থ হয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে।’
আজ বৃহস্পতিবার ফেনীতে বিএনপি-জামায়াতসহ ২০ দলের হরতাল অবরোধের নামে সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘স্কুলছাত্র অনিক-হৃদয় তো রাজনীতি করত না। তারা ককটেলে চোখ হারিয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি। তাদের কী অপরাধ ছিল? বোমা মেরে বাস-ট্রাকের চালক, হেলপার, দিনমজুর মেরে ফেলা কি ভালো কাজ? দেশের মানুষ হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করেছে।’
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ হত্যার বিচার হতেই হবে। অভিযোগপত্রভুক্ত কেউ রেহাই পাবে না। যারা রাজনীতিতে দলের নিয়ম মানে না, তাদের দল করার অধিকার নেই।’ তিনি বলেন, ‘এখন এজেন্ডা একটা। মানুষের মন জয় করা। একটা খারাপ আচরণ ১০টি উন্নয়ন কাজ ম্লান করে দিতে পারে।’

সমাবেশে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আঁর বাই হেনী নদীর ওপারে। বেগম জিয়া আঁর প্রতিবেশী। এখন তিনি জঙ্গি নেত্রী। আমেরিকার প্রেসিডেন্ট আল-কায়েদা নেতা লাদেনের সঙ্গে বৈঠক করেননি। আওয়ামী লীগ ও শেখ হাসিনাও বৈঠক করবেন না।’

শহরের ট্রাংক রোডে ১৪ দলের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান। সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জাহানারা বেগম প্রমুখ।