অবরোধে রেলপথে নাশকতা ঠেকাতে রাতে ইঞ্জিনের সঙ্গে শুধু একটি যাত্রী-কামরা লাগিয়ে রেললাইনে টহল দিচ্ছে পুলিশ। আর রেলপথের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইউনিয়ন পরিষদের চৌকিদারদের দিনে-রাতে পাহারা দিতে বলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের লোকজন ও রেললাইনের পাশে বসবাসকারী নাগরিকদেরও রেললাইনে নজর রাখার অনুরোধ জানিয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, কসবার গোপীনাথপুর, ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি এলাকা অধিক ঝুঁকিপূর্ণ। এই দুই এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভৈরব সেতুর আশুগঞ্জ অংশে একজন কর্মকর্তার নেতৃত্বে পাঁচজন পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, টহল ট্রেনটি চার দিন ধরে রাতে আখাউড়া-ভৈরব-শায়েস্তাগঞ্জ-আখাউড়া ও লাকসাম পথে যাত্রীবাহী ট্রেনের আগে চলাচল করছে। ট্রেনের ইঞ্জিন ও একমাত্র কামরায় সশস্ত্র অবস্থায় পাঁচজন পুলিশ ও দুজন আনসার থাকেন। এঁদের মধ্যে দুজন অস্ত্রসহ থাকেন ইঞ্জিনে। তাঁরা দরজায় দাঁড়িয়ে নজর রাখেন রেলপথে। এই ব্যবস্থায় ট্রেন চলাচলে অতিরিক্ত সময় লাগলেও ট্রেনগুলো অনেকটা নিরাপদে গন্তব্যে পেঁৗছায়।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, গতকাল সোমবার দলের বৈঠক হয়। রেলপথে নাশকতা ঠেকাতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে দলের লোকজনও নজর রাখবে। সাধারণ মানুষদের রাষ্ট্রের এই সম্পদ রক্ষায় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হবে বলেও জানান তিনি।