নাশকতা বন্ধের আহ্বান বিশিষ্ট নাগরিকদের

সারা দেশে চলা নাশকতা ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। প্রয়োজনে রাষ্ট্রকে সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত মানববন্ধন থেকে এ আহ্বান জানান বিশিষ্ট নাগরিকেরা। ‘নাশকতা ও সহিংসতা বন্ধ কর, গণতন্ত্র সমুন্নত রাখ’ দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং রুখে দাঁড়াও বাংলাদেশ-এর সভাপতি আনিসুজ্জামান মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে মানুষের কতগুলো মৌলিক অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেকের স্বাধীনভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচলের অধিকার আছে। নিজ নিজ পেশায় থাকার অধিকার আছে। কিন্তু আজকে সব অধিকার পদদলিত। নারী, শিশু, সাধারণ মানুষ কেউ আজ সহিংসতা থেকে রেহাই পাচ্ছে না। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই।’
অধ্যাপক আনিসুজ্জামান আরও বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল—সবাইকে বলতে চাই, আমাদের সংবিধানপ্রদত্ত অধিকার ফিরিয়ে দিন। আজকে দেশব্যাপী যে তাণ্ডব ঘটছে, যেখানে নরনারী-শিশু সবাই আক্রমণের শিকার। অন্ধ মায়ের একমাত্র ছেলে আজ আগুনে পুড়ে মারা যাচ্ছে। কলেজছাত্রীরা হাসপাতালে কাতরাচ্ছে। বাসের যে চালক বা হেলপার রুটি-রোজগার করতে চান, দুর্বৃত্তদের হামলায় তাঁরা দগ্ধ হচ্ছেন। আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, ‘দেশের অর্থনীতি পঙ্গু করা জনসেবার পথ নয়। গণনির্যাতন কোনো আন্দোলনের পথ নয়। আমরা চাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন অব্যাহত থাকে। আমরা যেন শান্তিপূর্ণভাবে কাজ করতে পারি। এই দাবির মধ্যে কোনো রাজনীতি নেই। এর মধ্যে বেঁচে থাকার অধিকার আছে। আমরা আশা করি, রাজনৈতিক দলগুলো আমাদের কথায় কর্ণপাত করবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভন্ডুল করে দেশের গণতন্ত্র সুমন্নত করার কোনো উপায় নেই।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রশ্ন করে বলেন, ‘এ অবরোধ কার বিরুদ্ধে? যে কৃষক ফসলের ডালা রেখে মাথায় হাত দিয়ে বসে আছে, তার বিরুদ্ধে? যে শ্রমিক জীবিকার অন্বেষণে বের হয়ে পেট্রলবোমায় ঝলসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে? যে শিক্ষার্থী শিক্ষার তাগিদে রাস্তায় বের হচ্ছে, তাদের বিরুদ্ধে, নাকি আমাদের মতো পেশাজীবীদের বিরুদ্ধে, যাঁদের রুটি-রুজির তাগিদে প্রতিদিন বের হতে হয়?’
খালেদা জিয়াকে উদ্দেশ করে সুলতানা কামাল বলেন, ‘কার বিরুদ্ধে তিনি অবরোধ করছেন? যে মানুষ প্রতিদিন শান্তিতে বসবাস করতে চায়, তাদের বিরুদ্ধে? এই প্রতিটি প্রশ্নের জবাব তাঁকে দিতে হবে।’ প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে হলেও দুর্বৃত্তদের দমন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বজনদের আহাজারি কি রাজনীতিবিদদের কানে যায় না?’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, সন্ত্রাসের চোরাবালিতে রাজনীতি হারিয়ে গেছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা শুধু উদ্বিগ্নই নই, আতঙ্কিত ও ক্ষুব্ধ। আমরা এ সন্ত্রাস চাই না। আমরা স্বাভাবিকভাবে বাঁচার ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’
সাংবাদিক আবেদ খান বলেন, সহিংসতা বন্ধ করার জন্য যা যা করা দরকার, সবকিছু সরকারকে করতে হবে। রাজনীতির নামে এমন পরিস্থিতি চলতে থাকলে দেশে জঙ্গিবাদ আসতে পারে।
সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, রাজনীতির বিকল্প সহিংসতা নয়। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও জিয়াউদ্দিন তারিক আলী, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।