নাশকতা বিচ্ছিন্ন ঘটনা: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে যেসব নাশকতার ঘটনা ঘটছে, সেগুলো বিচ্ছিন্ন ও স্বাভাবিক ঘটনা। বিশ্বের অনেক দেশেই এ ধরনের ঘটনা ঘটে। সরকার এ ধরনের ঘটনা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে বোমাবাজদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে বোমা হামলায় দগ্ধ ব্যক্তিদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা চূড়ান্তভাবে পরাজিত হবে। তাদের প্রতিহত করার ব্যাপারে জনগণের সমর্থন রয়েছে। একের পর এক নাশকতা কেন ঘটছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ব্যর্থ নয়। সন্ত্রাসীদের প্রতিরোধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এটুকু বলতে চাই, যিনি নিজেকে গণতান্ত্রিক নেত্রী দাবি করতেন, তিনি সন্ত্রাসী নেত্রীতে পরিণত হয়েছেন। যিনি ঘরে বসে এ ধরনের নির্দেশ দিচ্ছেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

বার্ন ইউনিটে ভিড় না করার অনুরোধ: রোগীদের সুচিকিৎসায় বার্ন ইউিনটে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, শুধু রোগীর একান্ত লোকেরাই ভেতরে যেতে পারবেন। সাংবাদিকদের জন্য একটি মনিটরিং সেল করা হবে। তাঁদের সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার অনুরোধ করেন মন্ত্রী। তা ছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে তাঁদের ব্রিফ করার কথাও জানান মন্ত্রী।