নাশকতা মামলার আসামিকে বরণ করে নিলেন সাংসদ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কৃষক দলের নেতা ইলিয়াস উদ্দিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় সাংসদের হাতে তিনি ফুলের তোড়া তুলে দেন। ইলিয়াস নাশকতা ও মাদক পাচার মামলার আসামি।
ইলিয়াসের বাড়ি উপজেলার পারতিতপরল গ্রামে। তিনি সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান ও তাঁর স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস ও বেশ কয়েকজন কর্মী-সমর্থকের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যানারে লেখা হয়: ইলিয়াস উদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান।
আদালত সূত্রে জানা গেছে, ইলিয়াসের বিরুদ্ধে ২০১২ সালে সারিয়াকান্দি থানায় দায়ের করা মাদক পাচারের মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলাটি বর্তমানে মুখ্য বিচারিক হাকিম আদালতে সাক্ষ্য গ্রহণের অপেক্ষায় আছে। এ ছাড়া ২০১৩ সালের ২৫ নভেম্বর সদর থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা নাশকতার মামলার তদন্ত শেষে পুলিশ তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বিচারের জন্য এখন জেলা জজ আদালতে আছে।
জানতে চাইলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওয়াহেদুন্নবী প্রথম আলোকে বলেন, সদর থানায় করা নাশকতা মামলায় ইলিয়াসকে গত ২০ জুন গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি ওই মামলায় জামিনে আছেন।
ইলিয়াস উদ্দিন বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি কৃষক দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি বলেন, বিস্ফোরক ও ফেনসিডিল পাচারের দুটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানো হয়েছে। কে বা কারা ফাঁসিয়েছে এখন তা নিয়ে আর মন্তব্য করতে চান না।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানুর ইসলাম বলেন, ইলিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি যোগদান অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁরা জেনেছেন। তা ছাড়া ইউনিয়ন কমিটিকে শুধু যোগদান অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছিল। তাঁর যোগদানের সবকিছুই চূড়ান্ত করেছিলেন সাংসদ-পত্নী।
সাংসদ আবদুল মান্নান বলেন, ‘ইলিয়াস উদ্দিন সম্পর্কে আগে থেকে আমাকে ও আমার পত্নীকে কিছুই জানানো হয়নি। অনুষ্ঠানের আয়োজন করেছিল ইউনিয়ন আওয়ামী লীগ। তাদের আমন্ত্রণেই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়েছিলাম। কিন্তু অনুষ্ঠান শেষে ইলিয়াসের বিরুদ্ধে নাশকতার মামলা থাকার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাঁকে দলে না নেওয়ার জন্য ইউনিয়ন কমিটিকে নির্দেশ দিয়েছি।’