বগুড়ার শেরপুরে এক মঞ্চে উঠে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা শেরপুরে ‘নাশকতা’ সৃষ্টিকারী সন্ত্রাসীদের ঘৃণা করেছেন। তাঁরা এসব সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় আইনশৃঙ্খলা ও শান্তি সমাবেশে রাজনৈতিক দলের স্থানীয় নেতারা এসব কথা বলেন। শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলার শাহবন্দেগী ইউপি চেয়ারম্যান আবদুর রহমান।
ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ হাবিবর রহমান। প্রধান বক্তা বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সরোয়ার জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমীও সমাবেশে বক্তব্য দেন।
রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক জানে আলম, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান প্রমুখ।
দবিবুর রহমান দাবি করে বলেন, শেরপুরে চলমান নাশকতার সঙ্গে তাঁর দল জামায়াত ও ২০-দলীয় জোটের কেউ জড়িত না। তাঁরা এ ধরনের নাশকতার প্রশ্রয় দেন না। তাঁরা এসব নাশকতা সৃষ্টিকারী সন্ত্রাসীকে ঘৃণা করেন। একই ধরনের বক্তব্য রেখে জানে আলম বলেন, ‘আমার দল গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।’
মজিবর রহমান বলেন, ‘সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় না দিলে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চলতে পারে না। আমরা প্রত্যেকেই নাশকতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের ঘৃণা করি।’