নাশকতার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি
বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা তিন মাসের আন্দোলনে পেট্রল বোমা হামলা ও নাশকতার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।
গত ৫ জানুয়ারি থেকে টানা তিন মাস অবরোধ চালায় বিএনপি-জোট। সেময় গাড়িতে পেট্রল বোমা হামলায় বিভিন্ন স্থানে শতাধিক মানুষ প্রাণ হারান। একাধিক নাশকতার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হুকুমের আসামি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনাল করে তাঁর বিচারের কথা বলা হচ্ছে। যদিও শুরু থেকেই বিএনপির দাবি, তাদের নেতা-কর্মীরা এসবের সঙ্গে জড়িত নয়।
আজকের সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, সরকার বলছে বিএনপি পেট্রলবোমা মেরেছে। বিএনপি বলছে, পেট্রলবোমা মারার সঙ্গে দলের নেতা-কর্মীরা জড়িত নয়। এই অবস্থায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি করে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান তিনি। মুখপাত্র আরও দাবি করেন, বিএনপি কখনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নিজে যখন অভিযোগ তোলেন তখন নিরপেক্ষ তদন্ত হওয়া দুরূহ। সে জন্য বিএনপি জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত দাবি করছে। কিন্তু তা না করে বিএনপি বা এ দলের শীর্ষ নেতৃত্ব ধ্বংস করার চেষ্টা হলে তা গণতন্ত্রের জন্য ভালো হবে না বলে তিনি উল্লেখ করেন।