নাশকতার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের টানা তিন মাসের আন্দোলনে পেট্রলবোমা হামলা ও নাশকতার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করতে জাতিসংঘের অধীন আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান (রিপন) এ দাবি জানান।
এর কারণ ব্যাখ্যা করে আসাদুজ্জামান বলেন, ‘সরকার বলছে, ওই সব ঘটনার নির্দেশদাতা বেগম খালেদা জিয়া। আমরা বলছি, এটা বিএনপি করেনি, এর সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। সুতরাং এটা প্রমাণ করার জন্য বর্তমানে দলীয় প্রভাবাধীন প্রশাসন ও তদন্তকারী যেসব সংস্থা রয়েছে, তাদের কাছ থেকে প্রকৃত ন্যায়ভিত্তিক একটি ফলাফল প্রত্যাশা করা যায় না। সে জন্য আমরা দাবি করেছি, জাতিসংঘের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত করা হোক, কারা ওসবের সঙ্গে দায়ী।’
চলতি বছরের ৫ জানুয়ারি থেকে টানা তিন মাস অবরোধ কর্মসূচি চালায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। ওই সময় গাড়িতে পেট্রলবোমা হামলায় বিভিন্ন স্থানে শতাধিক মানুষ প্রাণ হারান। একাধিক নাশকতার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও হুকুমের আসামি করা হয়েছে। এসব মামলায় খালেদা জিয়া ও তাঁর সহযোগীদের বিচারে ট্রাইব্যুনাল পরিকল্পনা কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গত বুধবার জাতীয় সংসদে এ কথা বলেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলের মুখপাত্র আসাদুজ্জামান বলেন, ‘যে অভিযোগটি প্রধানমন্ত্রী ও সরকারের তরফ থেকে প্রায়ই তোলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম থেকেই একটি আন্তর্জাতিক তদন্ত দাবি করে আসছি। প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আজ ওই দাবিটি পুনর্ব্যক্ত করছি।’ তিনি বলেন, জাতিসংঘের অধীন তদন্ত না করে বিএনপি বা এ দলের শীর্ষ নেতৃত্ব ধ্বংস করার চেষ্টা হলে তা গণতন্ত্রের জন্য ভালো হবে না।
এর আগে পেট্রলবোমা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় পুলিশকে দায়ী করে বিএনপির চেয়ারপারসন বক্তব্য দিয়েছেন। তাঁর এ বক্তব্যের বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘ওনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বা পদে থাকা ব্যক্তিরা দায়িত্বের বাইরে কোনো কথা বলেন না। আমার দলের নেত্রী যে অভিযোগটি করেছেন, নিজ দায়িত্ব নিয়েই কথা বলেছেন।’
সৈয়দ আশরাফ প্রসঙ্গ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার কারণ সরকারের স্পষ্ট করা উচিত বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এটি শাসক দল ও সরকারের একান্ত অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কিছু বলতে চান না। তবে কী কারণে আশরাফকে সরিয়ে দেওয়া হলো সরকারের উচিত তা জনগণের কাছে স্পষ্ট করা।