নাশকতার মামলায় ঢাকায় গ্রেপ্তার ১০

স্বামী মোসলেহ উদ্দিনকে দেখার জন্য আজ দুপুর ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসেন সাজেদা বেগম। প্রিজন ভ্যানে স্বামীকে দেখার পর সাজেদা জানান, তাঁর স্বামী মোসলেহ উদ্দিন রোববার হাইকোর্টে যান জামিন নিতে। সেখান থেকে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষুব্ধ সাজেদার দাবি, তাঁর স্বামী আগে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন রাজনীতির সঙ্গে জড়িত নেই। পুলিশ একাধিকবার রাতে তাঁদের বাসায় গেছে, তল্লাশি চালিয়েছে। নানাভাবে হয়রানি করা হচ্ছে তাঁদের।
মামলার কাগজপত্র বলছে, সাজেদার স্বামী মোসলেহ উদ্দিনের বয়স ৬১ বছর। ৬ নভেম্বর গেন্ডারিয়া থানায় করা নাশকতার প্রস্তুতির মামলায় মোসলেহ উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে গেন্ডারিয়া থানার পুলিশ। অপর আসামির নাম হানিফ (৬০)। দুজনকে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করে তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৬ নভেম্বর বিকেলে গেন্ডারিয়া থানার সাদেক হোসেন খোকা মাঠের সামনে ১৮০ থেকে ১৯০ জন বিএনপি ও জামায়াতের দুষ্কৃতকারীরা জড়ো হয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করে জননিরাপত্তা বিপন্ন করার জন্য তাঁরা নাশকতা সৃষ্টি করার চেষ্টা চালান।
আদালতকে পুলিশ প্রতিবেদন দিয়ে বলেছে, মোসলেহ উদ্দিন ও হানিফের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় আরও কয়েকটি মামলা আছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
পুলিশ ও আদালত সূত্র বলছে, পুরোনো নাশকতার মামলায় শাহআলী, শাহবাগ, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল, রামপুরা ও খিলগাঁও এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আরও আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়।
গত ১০ সেপ্টেম্বর ভাটারা থানায় করা বিস্ফোরক আইনের মামলায় ছাত্রদলের নেতা রেজাউল হাসান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সরকারবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১০ সেপ্টেম্বর ভাটারার জনৈক আতোয়ারের বাড়ির সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় আসামিরা। তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে আসামি জড়িত। শুনানি শেষে আদালত আসামি রেজাউল হাসান রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ভাটারা থানায় সেপ্টেম্বর মাসে করা আরেকটি মামলায় আবু হানিফ (৪০) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতকে পুলিশ জানিয়েছে, হানিফ বিএনপির সমর্থক। ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া মসজিদের পূর্ব পাশে গোপন ষড়যন্ত্র করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আসামিরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।