নাসিম ওসমানের মৃত্যুর জন্য আইভীকে দুষলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুষলেন ওই আসনের বর্তমান সাংসদ সেলিম ওসমান।
আজ শনিবার বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে নতুন গ্যাস সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সেলিম ওসমান এ অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, ‘আমার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর দায় দায়িত্ব মেয়র সেলিনা হায়াৎ আইভীকেই নিতে হবে। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপান উনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাসিম ওসমানের আরেক ভাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান মেয়র আইভীর উদ্দেশে বলেন, ‘আমি যদি চোখের পলক ফেলি আমার কর্মীদের দিকে তাকিয়ে যে, আমি কষ্ট পাচ্ছি তোমাদের বাড়ির ইট থাকবে না। সব শক্তিকে মোকাবিলা করে বাড়ির ইট খুলে আনার ক্ষমতা আওয়ামী লীগের নেতা-কর্মীদের আছে।’ তিনি আরও বলেন, ‘২০০১ সালের নির্বাচনে ১ লাখ ৩৮ হাজার ভোটে এগিয়েছিলাম। রাত আড়াইটায় উপজেলায় যাওয়া হলো। লাত্থি মেরে আমার লোকজনকে বের করা হলো। ব্যালট বাক্স বদলে দেওয়া হলো। তারপর ক্ষান্ত হলো না। আমাকে একজন সেনাবাহিনীর কর্নেল সেদিন বলেছিল, “শামীম ভাই সরি চলে যান। ” আমি বললাম কেন? তিনি বললেন, “মেরে ফেলা হবে। ” আমি বললাম মারবে কে? সে বলল “আমরাই”।’ ত্বকী হত্যার ঘটনা নিয়ে গত দুই বছর ধরে অনেক ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুক্কুর মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।
শামীম ওসমান তাঁর বক্তব্যে আরও বলেন, প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের গ্যাস সমস্যার সমাধান এবং শীতলক্ষ্যা সেতু নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু তাঁকে পেছন থেকে বার বার এসব কাজ বাস্তবায়নে বাধা দেওয়া হয়েছে। এরপর ত্বকী হত্যা নিয়ে একের পর এক তাঁকে জড়িতে মিথ্যাচার হয়েছে। নারায়ণগঞ্জের এক শ্রেণির সুশীল-কুশীলরা তাঁদের ঢাকায় থাকা দোসর, জাতীয় নির্বাচনে যাঁদের একাধিকবার জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাঁদের নিয়ে এসে নাসিম ওসমানের বিষোদ্গার করিয়েছে। এমনকি তাঁর মৃত্যুর পরও ওই সব সুশীল-কুশীলরা নাসিম ওসমানের মরণোত্তর বিচার দাবি করেছে।
আলোচনা সভা শেষে দুই সাংসদসহ উপস্থিত অতিথিরা কবুতর উড়িয়ে নতুন গ্যাস সংযোগ লাইনের উদ্বোধন করেন।
সাবেক সাংসদ নাসিম ওসমান গত বছরের ২৯ এপ্রিল ভারতে মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও অন্যান্যদের উদ্যোগে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।