নাসির-মিনহাজ পরিষদের জন্য ভোট চাইলেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী চিকিৎসকদের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদের জন্য ভোট চাইলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার সকালে নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদের প্রার্থীরা মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় গিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এই পরিষদের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদকে জয়ী করতে চট্টগ্রামের চিকিৎসকদের প্রতি আহ্বান জানান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মতবিনিময় অনুষ্ঠানে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নাসির-মিনহাজ প্যানেলের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে প্রথম থেকে আমার পাশে ছিলেন এবং আছেন।’

মহিউদ্দিন চৌধুরী কাল বৃহস্পতিবারের নির্বাচনে চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে থেকে অবাধ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি চট্টগ্রামের সব চিকিৎসককে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে চাপ ও শঙ্কামুক্ত ভোট উৎসবে যোগদানের আহ্বান জানান।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, রোগীর খাদ্য ও ওষুধপত্র লুটপাটের ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে অবনতি হচ্ছে। রোগী, চিকিৎসক ও কর্মচারীদের একটি চক্র জিম্মি করে রেখেছে হাসপাতালকে। এ অবস্থান থেকে উত্তরণ ঘটাতে শুদ্ধাচারী নাসির-মিনহাজ পরিষদকে জয়ী করার বিকল্প নেই।’

নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং আ ম ম মিনহাজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা স্বাচিপের প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম ফারুক অর রশিদ, সাবেক সিভিল সার্জন মো. আবু তৈয়ব।