নাসিরনগরে আ.লীগের প্রতিনিধিদল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহ করতে গিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এ ঘটনাকে ন্যক্কারজনক চিহ্নিত করে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন একটি কমিটি গঠন করেছে।
রোববার ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে হিন্দুদের ১৫টি মন্দির ও শতাধিক বাড়িতে হামলা হয়। মন্দির ভাঙচুরের ঘটনায় নাসিরনগর থানায় গতকাল সোমবার দুটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ১০০০ থেকে ১২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফেসবুকে ওই ছবি পোস্ট দেওয়ার অভিযোগে রসুরাজ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমের নেতৃত্বে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী, মারুফা আক্তার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ঘটনাস্থলে যান।
আওয়ামী লীগ নেতা এনামুল হক দুপুর ১২টার দিকে নাসিরনগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এ ঘটনা ন্যক্কারজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ রাখছেন। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশে অসাম্প্রদায়িকতা নষ্ট করতে দেওয়া হবে না। যত দিন শেখ হাসিনা থাকবেন, তত দিন সাম্প্রদায়িক গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনসহ ক্ষতিপূরণের বিষয়ে দলীয় ফোরামে আজ আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানানো হবে।
নাসিরনগরে হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা আগামীকাল বুধবার সকালেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সবার সঙ্গে কথা বলবেন। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন কমিশনের পরিচালক অতিরিক্ত জেলা জজ শরীফ উদ্দিন এবং কমিশনের সহকারী পরিচালক জয়দেব চক্রবর্তী।
আরও পড়ুন: