নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আওয়ামী লীগের একটি দল গেছে। ক্ষতির পরিমাণ জেনে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।

নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যের অবহেলার অভিযোগের বিষয়ে সরকার কী ব্যবস্থা নেবে, জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, কেন এবং কাদের কর্তব্যের অবহেলায় এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, তাঁরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কারও ধর্ম নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না। তিনি বলেন, মিথ্যাচার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে অন্য ধর্মের প্রতি আঘাত করলে তা বরদাশত করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মের নামে কোনো প্রকার অরাজকতাকে অতীতেও প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

হানিফ বলেন, রসুরাজ দাস নামে একজনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়েছে বলে শোনা গেছে। রসুরাজ দাবি করেছেন, কেউ তাঁর আইডি নকল করে এ ধরনের স্ট্যাটাস দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তের জন্য তাঁকে আটক করেছে। রসুরাজ ইচ্ছাকৃতভাবে এ কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে ছাত্রলীগ থেকে ইতিমধ্যে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বরদাশত করে না।

গতকাল সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হানিফ বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন।

বাংলাদেশে ‘নষ্ট সময়’ চলছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘“নষ্ট সময়” বলতে উনি কী বুঝিয়েছেন, সেটা আমরা জানি না। এখন দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় চলছে। দেশ অন্ধকার থেকে আলোর দিকে আসছে। সেই সময় কোন দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুল এ ধরনের কথা বললেন সেটা বোধগম্য নয়।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মহিবুল হাসান চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, রেমন্ড আরেংসহ নতুন কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: