
ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, নাসিরনগরের হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর দাবি, বহিষ্কার ও প্রত্যাহারের ঘটনা থেকে বোঝা যায়, আওয়ামী লীগ হামলা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে আওয়ামী লীগ সংখ্যালঘুদের নির্যাতন করছে বলেও অভিযোগ করেন তিনি।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ৭ নভেম্বরের আলোচনা সভায় এসব মন্তব্য ও অভিযোগ করেন শাহাদাত হোসেন। বিএনপি দিনটিকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।
নগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা বেগম রোজী কবির। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নছরুল কদির।
এর আগে সকালে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের ষোলশহরের বিপ্লব উদ্যানে স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন নগর বিএনপির নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে ফুল দিতে গেলে প্রথমে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাদের কথা-কাটাকাটি হয়। পরে ফুল দিলেও সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি নেতা-কর্মীদের। বিপ্লব উদ্যানের বাইরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম নেতা-কর্মীদের নিয়ে ফিরে যান।
পরে বিকেলের আলোচনা সভায় শাহাদাত হোসেন বলেন, ‘এই সরকার আমাদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এই অত্যাচার-নির্যাতন মানুষ মেনে নেবে না।’ ‘জাসদ এবং ইনু বাহিনী’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যার সঙ্গে জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন।
সভায় বেগম রোজী কবির দাবি করেন, নতুন সাম্রাজ্যবাদী শক্তি দেশকে গিলে খাচ্ছে।
হামলা-মামলা দিয়ে বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা যাবে না বলে মন্তব্য করেন মাহবুবুর রহমান। রাজপথে থেকে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
আবুল হাশেম বলেন, ‘আমাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এভাবে স্বৈরশাসন চালিয়ে ক্ষমতায় থাকা যাবে না। মানুষ অপেক্ষা করছে একটি ব্যালট বিপ্লবের জন্য। সেদিন মানুষ দেখিয়ে দেবে।’ তিনি অভিযোগ করেন, মন্ত্রী ছায়েদুল হকের মদদে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে।
নগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরল্লাহ বাহার, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি মো. মিয়া, বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজ, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি সাইফুল আলম প্রমুখ।