নিকলীতে ছয় বছর পর বিএনপির কমিটি গঠন
ছয় বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাজাহারুল স্বাক্ষরিত এক চিঠি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বদরুল মোমেন ওরফে মিঠুকে নতুন কমিটির সভাপতি, আবু সাঈদকে সাধারণ সম্পাদক ও একলাছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে কোন্দল চলায় এত দিন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। নতুন কমিটি হওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় নিকলী সদর ইউনিয়নের নতুন বাজারে দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে ও মিষ্টি বিতরণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ নভেম্বর মতিয়র রহমান বীর বিক্রমকে সভাপতি ও বদরুল মোমেন মিঠুকে সাধারণ সম্পাদক করে নিকলী উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। তিন বছর পর ২০১১ সালের ৬ অক্টোবর সভাপতি মতিয়র রহমান মারা যাওয়ার পর নেতৃত্ব নিয়ে নিকলীর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর এক পক্ষে নেতৃত্বে ছিলেন মতিয়র রহমানের জামাতা আগের উপজেলা কমিটির সদস্য ও বর্তমান কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম এবং অপর পক্ষে নেতৃত্ব দেন বদরুল মোমেন। দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ২০১৪ সালের ২১ মে জেলা বিএনপির এক সভায় নিকলী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি সাত মাস ১০ দিন পর জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বদরুল মোমেনকে আহ্বায়ক ও ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এর ১০ মাস পর গত বৃহস্পতিবার রাতে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দীর্ঘ ছয় বছর পর পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় দ্বন্দ্বের অবসান হবে বলে মনে করেন নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা-কর্মী। নতুন কমিটির সভাপতি বদরুল মোমেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তাঁরা সব ভুল বোঝাবুঝি ভুলে সবাইকে নিয়েই দলকে আরও শক্তিশালী করবেন।