নিজ দলের নেতাকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে আত্মসমপর্ণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে আত্মসমপর্ণ করেন তিনি। নাছিরের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ১৯৯৩ সালে নাছিরের বিরুদ্ধে মামলাটি করেন ওই সময়কার চট্টগ্রাম নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকী।
আদালত সূত্র জানায়, নাছিরের আইনজীবী বক্তব্য উপস্থাপনের পর সরকারি কৌঁসুলি জামিনের বিরোধিতা করেননি। কৌঁসুলি আবুল হাশেম আদালতকে জানান, এজাহারে নাছিরের নাম থাকলেও বাবার নাম ছিল অজ্ঞাত। তিনি জনপ্রিয় রাজনীতিবিদ। মামলায় সাক্ষীরাও তাঁর নাম বলেননি।
আইনজীবীরা জানান, গতকাল বেলা ১১টায় নাছির চট্টগ্রাম আদালত ভবনের চতুর্থ তলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। সাড়ে ১১টার দিকে তাঁর জামিন শুনানি শুরু হয়ে ১২টায় শেষ হয়। এ সময় আওয়ামী সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
‘নাছিরের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা: সাক্ষ্যগ্রহণ ৬ এপ্রিল’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস জানান, ৬ এপ্রিল এই মামলায় আসামির উপস্থিতির দিন ধার্য থাকলেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নাছির আগেই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার এজাহারে নাছিরের বাবার নাম ছিল অজ্ঞাত। ঘটনাস্থলেও তিনি ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম প্রথম আলোকে জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশে ২০ বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল। স্থগিতাদেশ প্রত্যাহারের পর ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের উপস্থিতি ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। তার আগেই নাছির আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত নাছিরের জামিন মঞ্জুর করেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়। হাইকোর্টের আদেশটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এসে পৌঁছায় গত ৩ মার্চ।
এ ছাড়া হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা আরও তিনটি মামলায় ২০০০ ও ২০০১ সালে বেকসুর খালাস পান নাছির।