নিজামীর আসনে প্রার্থিতার আশা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় দুই দশকের স্থবিরতা কাটিয়ে পাবনা-১ আসনে (সাঁথিয়া ও বেড়া) চাঙা হয়ে উঠেছে বিএনপি। এ কারণে সাঁথিয়া ও বেড়া উপজেলা বিএনপির নেতারা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শক্ত অবস্থান থাকার পরও ১৯৯৬ সালের পর পাবনা-১ আসনে বিএনপির কেউ প্রার্থী হতে পারেননি। গত কয়েকটি নির্বাচনে এ আসনে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী ছিলেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। জীবদ্দশায় এ আসনে জোটের প্রার্থিতা অনেকটা তাঁর জন্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এখন এ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পাওয়ার সুযোগ এসেছে।

স্থানীয় বিএনপির ১৫ জন নেতা-কর্মী বলেন, আগামী সংসদ নির্বাচন যে পদ্ধতিতেই অনুষ্ঠিত হোক না কেন তাতে বিএনপির অংশ নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের এ ব্যাপারে প্রস্তুতি নিতে দলের শীর্ষ পর্যায় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় নেতা-কর্মীদের কর্মতৎপরতা এমনিতেই বেড়েছে। এর ওপর নিজামীর অবর্তমানে বিএনপির কারও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে চাঙা ভাব দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. ইউনুস আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন খান প্রমুখ।

শামসুর রহমান বলেন, ‘এবার এ আসনে বিএনপি থেকে কেউ প্রার্থী হতে যাচ্ছেন, তা নিয়ে সন্দেহ নাই। আর দুই উপজেলার তৃণমূল পর্যায়ের সব নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছেন। তাই আমি দলীয় মনোনয়ন পাব, এটি শতভাগ নিশ্চিত।’

আরেক মনোনয়নপ্রত্যাশী ইউনুস আলী বলেন, ‘দলীয় শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। সব নেতা-কর্মী আমার সঙ্গে আছেন।’

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের হিসাবে পাবনা-১ আসনে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। তবে মতিউর রহমান নিজামীর বাড়ি সাঁথিয়া উপজেলায় হওয়ায় এ আসনে জামায়াতের অবস্থানও বেশ মজবুত। ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী হিসেবে এবং ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মতিউর রহমান নিজামী এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তবে ২০০৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর কাছে পরাজিত হয়েছিলেন।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, এ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী ছিলেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদের। ১৯৯৬ সালে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। পরে জোটের প্রয়োজনে আসনটি ছেড়ে দিয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে চলে যান। এতে বেড়া-সাঁথিয়া বিএনপিতে নেতৃত্বশূন্য অবস্থা দেখা দেয়। ফলে নেতা-কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। ২০০১ সালের নির্বাচনে মতিউর রহমান নিজামী জয়ী হওয়ার পর থেকেই দুই উপজেলায় পিছিয়ে পড়তে থাকে বিএনপি, তবে নিজামীর অবর্তমানে ও পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন পর এখন বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। তাই নির্বাচন-পদ্ধতি নিয়ে সংশয় না কাটলেও দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশী নেতারা। অনেকেই এলাকায় নেতা-কর্মীদের সমর্থনের জন্য গণসংযোগ শুরু করেছেন। কেউ ব্যানার-ফেস্টুন, পোস্টার ও ফেসবুকের মাধ্যমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। এ জন্য মনোনয়নপ্রত্যাশীদের কথা চায়ের দোকান, অফিস-আদালত, রিকশা-বাস-সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে আলোচনা হচ্ছে।

জানতে চাইলে বেড়া উপজেলা জামায়াতের আমির আবদুল বাসেত খান বলেন, ‘জোট বজায় থাকলে এ আসনটি জামায়াতের জন্য নির্ধারিত। সে ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে মোটামুটি স্থির হয়ে আছে—এ আসনে জোটের প্রার্থী হবেন নিজামী সাহেবের পরিবারের কেউ। মাঠপর্যায়ের নেতা-কর্মীদেরও তা-ই দাবি।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাবনা-১ আসনে বিএনপির ভোট জামায়াতের চেয়ে অনেক বেশি। গত কয়েকটি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী না থাকায় আমাদের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন, তবে এবার আমাদের দৃঢ় বিশ্বাস—এ আসনে জামায়াত নয়, বিএনপির প্রার্থীই মনোনয়ন পাবেন।’