নিজামীর ফাঁসির রায়ে সন্তুষ্ট আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির ও আলবদর-প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজামীর রায় ঘোষণার পর এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এ ছাড়া মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ হওয়ায় গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মতিউর রহমান নিজামীর রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। আশা করি, অন্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তি হবে।’ তিনি বলেন, এ রায়ে প্রমাণিত হয়েছে জামায়াত ১৯৭১ সালে যুদ্ধাপরাধ করেছে রাজনৈতিক সিদ্ধান্তে। এ জন্য জামায়াতে ইসলামীও যুদ্ধাপরাধে অভিযুক্ত। আশা করি, দলটির বিষয়েও আদালত সঠিক সিদ্ধান্ত নেবে।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণেই আজ যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেন, যুক্তিসংগত কারণে নিজামীর রায় বিলম্বিত হয়েছে। এ রায়ে প্রমাণিত হয়েছে জামায়াতের সঙ্গে সরকারের কোনো আঁতাত নেই।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।