নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গত এক যুগের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অভ্যন্তরীণ কোন্দলই এই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সংগঠনের ভরাডুবির কারণ বলে মনে করছেন আইনজীবীরা।
অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ দীর্ঘদিন পর সভাপতি, সাধারণ সম্পাদকের পদসহ সাতটি পদে বিজয়ী হয়েছে।
আইনজীবী সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সর্বশেষ ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়। পরবর্তী সময়ে প্রতিটি পরিষদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাফল্য অব্যাহত ছিল। এবারের (২০ ফেব্রুয়ারি) নির্বাচনে এই পরিষদের ভরাডুবি ঘটে। ১১টি পদের মধ্যে তারা পেয়েছে ছোট ছোট চারটি পদ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হেরেছে যথাক্রমে ১৬ ও ২৯ ভোটের ব্যবধানে।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে এবারের নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও একাধিকবারের নির্বাচিত সাবেক সভাপতি আবু আহসান বলেন, প্যানেল গঠনের সময় থেকেই সমন্বয় পরিষদের নেতৃত্বের মধ্যে অনৈক্য ছিল। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর প্রচারণার সময় বড় বড় নেতারা একসঙ্গে ভোট চেয়েছেন। কিন্তু ভোটের এক দিন আগে থেকে বড় বড় আইনজীবী নেতাদের ভূমিকা বিতর্কিত হয়ে ওঠে। তাঁরা প্রত্যেকেই ব্যক্তিগত ও রাজনৈতিক পদ-পদবির ব্যাপারে প্রতিশোধে মেতে ওঠেন। ফলে আইনজীবী সমিতিতে সমন্বয় পরিষদের ব্যাপক প্রভাব থাকলেও ফলাফলে সে প্রভাব পড়েনি।
সমন্বয় পরিষদের আরও একজন সমন্বয়কারী ও একাধিকবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, প্রার্থিতা নিয়ে সমন্বয় পরিষদের নেতাদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ফলে তাঁরা মনোনীত প্রার্থীদের সফলতা অর্জনে ভূমিকা রাখতে পারেননি। এটা নিরসনে আওয়ামী লীগ নেতারা দৃশ্যত কোনো কাজ করেননি বলে তিনি মত প্রকাশ করেন। অনৈক্য কাটিয়ে উঠতে পারলে সমন্বয় পরিষদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারত।
সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী ও সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম বলেন, ‘সবার সঙ্গে কথা বলেই প্রার্থী হয়েছিলাম। কিন্তু অনেকেই প্রার্থী হতে না পেরে গোপনে আমার বিরুদ্ধে কাজ করেছেন। এটা আমি অবশ্য আগেই অনুমান করেছিলাম। কিন্তু বিশ্বাস করিনি। এ ছাড়া জেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়েও কিছু কিছু আওয়ামী আইনজীবীর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এর প্রভাবও পড়েছে সমিতির নির্বাচনে। সব মিলিয়ে একটা খারাপ অভিজ্ঞতা অর্জন করেছি।’
এদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদ এবার সভাপতি, সাধারণ সম্পাদকের পদসহ সাতটি পদে বিজয়ী হয়েছে ব্যাপক ব্যবধানে। বিজয়ী সভাপতি রুহুল আমিন তালুকদার বলেন, তাঁরা প্রতিপক্ষের কোনো দুর্বলতার খোঁজ রাখেননি। বরং ভোটাররা পছন্দ করেই তাঁদের ভোট দিয়েছেন। ফলে তাঁরা সাফল্য পেয়েছেন।
সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান জানান, সোমবার রাত প্রায় নয়টায় ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী মোট ১১টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার সভাপতি, এস এম লুৎফর রহমান কনিষ্ঠ সহসভাপতি, আবদুল কাদের সাধারণ সম্পাদক, এস এম জলিল পাঠাগার সম্পাদক, আকরাম হোসেন নিরীক্ষণ সম্পাদক, আবদুর রশিদ আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দিনাই তাছরিন মহিলাবিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এদিকে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আবদুল ওহাব জ্যেষ্ঠ সহসভাপতি, দেওয়ান লুৎফর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ ও আব্বাছ আলী ম্যাগাজিন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।