দলীয় নেতা-কর্মীদের নিজেদের ছবি দিয়ে বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন তৈরি না করতে নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম চিঠির মাধ্যমে দলের সকল পর্যায়ে এই নির্দেশ পাঠানো শুরু করেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ব্যতীত অন্যদের ছবিসংবলিত সব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকেও চিঠি দিয়েছে দলটি।
আওয়ামী লীগের সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠিগুলো ডাকযোগে পাঠানো শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। গতকাল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের হাতে হাতে চিঠি দেওয়া হয়। দুই মেয়রের কাছে চিঠি পাঠানো হয় গত সোমবার। একই বক্তব্যের দুটি চিঠিতেই সই করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, আগামী এক সপ্তাহ তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এরপর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কী ধরনের শাস্তি নেওয়া যায়, তা চূড়ান্ত করা হবে।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দলীয় ব্যানার-বিলবোর্ড যেন কম ব্যবহৃত হয়, সেটাই আমাদের লক্ষ্য। নিজেদের ছবি যখন নেতা-কর্মীরা ব্যবহার করতে পারবেন না, তখন তাঁরা ব্যানার-বিলবোর্ড বানাতে নিরুৎসাহিত হবেন।’
সৈয়দ আশরাফুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে; যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ছবি থাকছে। অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু। সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত অন্য কারও ছবি থাকলে সেই সব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার জন্য সারা বাংলাদেশে আপনার সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ প্রদানের আহ্বান জানানো হলো।’