গত ৫ জানুয়ারির একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১১টি মাস পার হয়েছে। এই সময়ে শুধু যশোরেই নিজেদের মধ্যে কোন্দল-হানাহানিতে খুন হয়েছেন সরকারদলীয় ১০ জন নেতা-কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন একজন জনপ্রতিনিধিও।
খুনোখুনির এই ধারাবাহিকতার সর্বশেষ শিকার শার্শা উপজেলার যুবলীগের কর্মী তোজাম্মেল হক। গত বৃহস্পতিবার ছাত্রলীগের এক কর্মীর হামলায় আহত হয়ে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নির্বাচনকেন্দ্রিক বা রাজনৈতিক দলাদলি, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তার—মূলত এসবের জেরেই স্বল্প সময়ের ব্যবধানে ঘটেছে এতগুলো হত্যাকাণ্ড। এসব ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলোতে সন্দেহের তির ছোড়া হয়েছে দলীয় প্রতিপক্ষের দিকেই। খুন হওয়া নেতা-কর্মীদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে প্রাণ হারান তিনজন, আর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে সাতজন।
সব হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলাই রয়েছে তদন্তাধীন। এগুলোর একটি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), দুটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাকি সাতটি পুলিশ তদন্ত করছে।
নিজেদের মধ্যে হানাহানিতে হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানতে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম বলেন, ‘ক্ষমতাকে ব্যবহার করার জন্য অন্য দল থেকে যারা ছাত্রলীগ ও যুবলীগে যোগ দিচ্ছে, মূলত তারাই এসব খুন-খারাবির সঙ্গে জড়িত।’
যুবলীগের আহত কর্মীর মৃত্যু: চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন যুবলীগের কর্মী তোজাম্মেল হক ওরফে তোজাম (৪৪)। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্যমতে, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদারের বাড়ির কাছে একটি মেয়েকে উত্ত্যক্ত করত তোজামের ছেলে নয়ন ও তাঁর কিছু বন্ধু। একে কেন্দ্র করে সম্প্রতি রহিমের ভাগনে সোহান নয়নের মুঠোফোন কেড়ে নেয়। পরে গত বৃহস্পতিবার এক সালিসে নয়নকে চড় মারেন রহিম। এতে ক্ষুব্ধ হয়ে রহিমের বাড়ি গিয়ে তোজাম গালাগালি শুরু করেন। তখন রহিমের আরেক ভাগনে ছাত্রলীগের কর্মী অনিকের সঙ্গে তর্কাতর্কি-হাতাহাতির একপর্যায়ে অনিক বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তির পর গতকাল মারা যান তিনি।
তোজামকে আহত করার ঘটনায় বৃহস্পতিবার শার্শা থানায় একটি মামলা করেছিলেন তাঁর বাবা সিরাজুল ইসলাম। তোজামের মৃত্যুর খবরে গতকাল সকাল সাতটার দিকে তোজামের বিক্ষুব্ধ স্বজনেরা দক্ষিণ বুরুজবাগান গ্রামে আবদুর রহিমের বাড়িতে ভাঙচুর চালান। আগুন দেন একটি মোটরসাইকেল ও বাড়ির আসবাবে। দুপুর ১২টার দিকে গ্রামে রহিমের সমর্থক শিশির ও নজরুলের বাড়িতেও ভাঙচুর চালান তাঁরা।
ইতিমধ্যে সকাল নয়টা থেকে প্রায় এক ঘণ্টা যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা সড়কের সংযোগস্থল নাভারন মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এ সময় ওই দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান বলেন, এসব ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও কয়েকটি ঘটনা: তোজাম্মেল নিহত হওয়ার আগে গত ২৩ নভেম্বর সকালে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওলিয়ার রহমান গুলিতে নিহত হন।
ওলিয়ার ছিলেন নওয়াপাড়া এলাকার জনপ্রিয় নেতা। ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। আওয়ামী লীগের জেলা কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির আশঙ্কা থেকে দলীয় প্রতিপক্ষ তাঁকে খুন করেছে বলে স্থানীয় ব্যক্তিদের ধারণা। পরিবারের সদস্যরাও রাজনৈতিক কোন্দল উড়িয়ে দেননি। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে সম্প্রতি তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে ওলিয়ার রহমানের ভাই বকশিয়ার রহমান প্রথম আলোকে জানান।
হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকেও দলীয় কোন্দলের বিষয়টি জানা গেছে।
গত ২৫ মে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বুকে গুলি করে দলীয় প্রতিপক্ষের লোকেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। স্বতন্ত্র প্রার্থী ছিলেন দলটির বিদ্রোহী প্রার্থী মাশুক হাসান ওরফে জয়। নির্বাচনে শাহিন চাকলাদারের পক্ষে কাজ করছিলেন যুবলীগের নেতা আলমগীর। কারচুপির অভিযোগে ভোটের দিন জয় নির্বাচন বর্জন করেন। কিছুদিন পর তাঁর অনুসারীরা আলমগীরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
গত ১৪ জুলাই ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী নাইমুল ইসলাম ওরফে রিয়াদ। ক্যাম্পাসের মূল ফটকের সামনে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদে অযোগ্য ব্যক্তিদের বসানোর প্রতিবাদে সে সময় কমিটির একাংশ যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছিল। রিয়াদ পদত্যাগকারীদের পক্ষে ছিলেন। সভাপতি-সম্পাদকের পক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছে তাঁর পক্ষ।
খুনের ঘটনায় নিহত ছাত্রের মামা রফিকুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছিলেন। মামলায় যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা কমিটির ছয় নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম হাসানকে আসামি করা হয়। বর্তমানে সুব্রত কারাগারে আছেন। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুব্রত ও শামীমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
আলোচিত এসব ঘটনা ছাড়া গত ১১ মাসে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নান (৪০), সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান (৪৫), শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শিপন (৪০) ও চূড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলামকে (৩৮) গুলি করে এবং আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সহসভাপতি শরীফ বাকি বিল্লাহ (৪০) ও যশোর শহর যুবলীগের কর্মী তরিকুল ইসলামকে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে।
এসব ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাগুলোর পরিণতি সম্পর্কে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বলেন, ‘সবগুলো মামলা তদন্তাধীন রয়েছে। এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না।’