নিজের জন্য নাছির, নাছিরের জন্য মন্ত্রী
মনোনয়নপত্র দাখিলের ১২ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে আওয়ামী লীগসমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের হালিশহরে মতবিনিময় সভায় তিনি নিজের পক্ষে এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বলে সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি প্রথম আলোকে তা নিশ্চিত করেছেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
হালিশহরের সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আ জ ম নাছির মেয়র নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রাম নগর থেকে জলাবদ্ধতা দূর করা হবে। আগের মেয়র মনজুর আলম ওয়াদা করে ভোট নিয়ে জলাবদ্ধতা দূর করতে ব্যর্থ হয়েছেন। চট্টগ্রামের উন্নয়নধারা অব্যাহত রাখতে নাছিরকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সন্দ্বীপবাসীর সহযোগিতা চেয়ে চট্টগ্রাম নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করা আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে শতভাগ সততার সঙ্গে করপোরেশন চালাব। মেয়র হলে আমার প্রথম কাজ হবে জলাবদ্ধতা দূর করা। এই চট্টগ্রামকে আধুনিক নগরে পরিণত করতে আপনারা আমাকে মেয়র নির্বাচিত করবেন।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকারবিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যেহেতু অস্থির সময়ে নির্বাচন হচ্ছে, তাই আচরণবিধি যথাযথভাবে মেনে চলার ব্যাপারে নির্বাচন কমিশনের এখনই প্রার্থীদের সতর্ক করে দেওয়া উচিত। তা না হলে পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হলে এ ধরনের তৎপরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
‘চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসী’ হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সারওয়ার হাসান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চট্টগ্রামের সন্দ্বীপবাসীর আহ্বায়ক ইউসুফ তালুকদার।
মতবিনিময় সভার অন্যতম আয়োজক সারওয়ার হাসান জামিল প্রথম আলোকে জানান, মতবিনিময় সভায় আ জ ম নাছিরকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনিও ভোট চেয়েছেন, যাতে মেয়র হয়ে সন্দ্বীপবাসীর কষ্ট দূর করতে পারেন। চেম্বারের এই পরিচালক জানান, চট্টগ্রাম নগরে সন্দ্বীপের এক লাখের বেশি ভোটার রয়েছে, যাঁদের বেশির ভাগ হালিশহরে থাকেন।