নিজের ভোটটাও পেলেন না তিনি!
ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন একটি ভোটও পাননি।
যোগাযোগ করা হলে আমজাদ দাবি করেন, ‘আমি আমার মার্কায় ভোট দিয়েছি। কিন্তু পরে দেখা গেল কোনো ভোট পড়েনি। এটা কীভাবে হলো জানি না। লজ্জায় কাউকে বলতেও পারছি না। আর আমার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা আমাকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছিলেন।’
বদলগাছি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল শনিবার স্থানীয় ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। নির্বাচনে আপেল প্রতীক নিয়ে মাহবুব আলম ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের আইয়ুব হোসেন। তিনি পেয়েছেন ৭৪৬ ভোট। কিন্তু আমজাদের মোরগ প্রতীকে কোনো ভোট পড়েনি।