নিজেরা নিজেরা মারামারি করবেন না: দুর্যোগমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, নিজেরা নিজেরা মারামারি করবেন না। ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। চোখ-কান খোলা রাখবেন, দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌরসভার শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মায়া বলেন, কক্সবাজারসহ দেশের ২৬টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্বেগের কিছু নেই, প্রচুর খাদ্য মজুত আছে। গৃহহীনদের টিন ও নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। যেখানে প্রয়োজন সেখানেই আশ্রয়কেন্দ্রগুলো (সাইক্লোন শেল্টার) সংস্কার করা হবে।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন প্রমুখ।
পথসভায় উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।
পথসভা শেষে মন্ত্রী পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে যান। সেখানে তিনি বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।