তালেবান জঙ্গিদের বর্বর হামলায় পাকিস্তানে ১৪০ জন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে দল দুটির শীর্ষস্থানীয় নেতারা এ প্রতিবাদ জানান। এ ঘটনায় বিএনপি তালেবানকে ‘নিপীড়ক শক্তি’ বলে অভিহিত করেছে। আর জামায়াত এ ঘটনায় বিশ্ববাসীকে সোচ্চার হতে বলে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘প্রতিবাদ কর্মসূচি’ দিয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র (আসক), জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতিতে বলেন, এ ধরনের হিংস্রতা বিশ্বে শান্তিময় পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যেই করা হয়েছে। ধর্মের নামে অসহায় ও নিরীহ শিশু-কিশোরদের ওপর এ হামলা এবং পৈশাচিক হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের বিবেকবান মানুষকে ব্যথিত করেছে।
আলাদা বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। তবে তাঁরা এ মর্মান্তিক ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করলেও তালেবান বলেননি।