নিবন্ধন পাচ্ছে গণআজাদী লীগ ও বাংলাদেশ কংগ্রেস
নতুন রাজনৈতিক দল হিসেবে গণআজাদী লীগ ও বাংলাদেশ কংগ্রেস নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। নিবন্ধন পাওয়া নিশ্চিত হলে এ দুটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী কমিশন গণআজাদী লীগ ও বাংলাদেশ কংগ্রেসের নাম নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে।
বর্তমানে নিবন্ধিত দল ৪০টি। নতুন দুটি দল সনদ পাওয়ায় মোট নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে ৪২টিতে।
ইসি সচিবালয় সূত্র জানায়, নিবন্ধনের জন্য এ বছর ৭৬টি দল আবেদন করেছিল। এর মধ্যে ১৯টি দলের আবেদন প্রাথমিক বাছাইয়ে বাতিল হয়ে যায়। ৫৬টি দলকে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। এতে ৪৭টি দল সাড়া দেয়। বাছাই কমিটি এই ৪৭টি দল থেকে গণআজাদী লীগ ও বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেওয়ার সুপারিশ করে।