নিবন্ধন বাতিলের ভয়ে ফাঁদে পা দেবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে পা দেবে না।
গতকাল শুক্রবার সকালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। জাতীয়তাবাদী সংগ্রামী দল নামে একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে, নতুবা নিবন্ধন বাতিল হবে—এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আপনাদের প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।’ তিনি বলেন, ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে, তা ভাবার সুযোগ নেই। সরকার পরিবর্তনের নির্বাচনের সময় কোন সরকার থাকবে, তার ওপর নির্ভর করবে নির্বাচন কমিশনের কার্যক্রম।
গতকাল সকালে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মৎস্যজীবী দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
উপজেলা নির্বাচন: বিভিন্ন স্থানে হামলার অভিযোগ
গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৬ মার্চ কয়েকটি উপজেলায় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সমর্থকদের হামলার অভিযোগ করেন। তিনি বলেন, পাবনার সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে ক্ষমতাসীনেরা হামলা চালিয়ে বিএনপির ১৫ জনের বেশি নেতা-কর্মীকে আহত করেছে। বরিশালের গৌরনদীতে বিএনপির প্রার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শাসক দলের নেতা-কর্মীরা। এ ছাড়া ঝালকাঠি জেলার নলছিটি, রাঙ্গাবালী, সিলেটের ওসমানীনগরে উপজেলা ও পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, বাড়ি ভাঙচুর করা হচ্ছে। রিজভী বলেন, রকিবউদ্দীন কমিশন নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে যেভাবে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া ছিল, বর্তমান কমিশনও সেটা অনুসরণ করছে।