নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্যসচিব মো. লিয়াকত আলী খান।
লিখিত বক্তব্যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ১০টি ইউনিয়নের সব কটিতেই ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না-কোনো স্থানে প্রচারে বাধা, মাইক ও গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এর মধ্যে এওজবালিয়া ইউনিয়নে বিএনপি প্রার্থীর কোনো প্রচার মাইক নামতেই দেওয়া হয়নি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এ পর্যন্ত বিএনপির প্রার্থীদের আটটি প্রচার মাইক ও চারটি প্রচারগাড়ি ভাঙচুর করা হয়েছে। নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটেছে সব ইউনিয়নেই।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব পদক্ষেপই নেওয়া হয়েছে। কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।