নিরপেক্ষ নির্বাচনের অবকাশ নেই: বাম মোর্চা

গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, দমন-নির্যাতনের স্বৈরতান্ত্রিক শাসন আর গোটা নির্বাচনীব্যবস্থাকে তছনছ করে দিয়ে সরকার নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথকে অসম্ভব করে তুলেছে। বর্তমান অবস্থায় দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অবকাশ নেই।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ১৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে আছে সভা-সমাবেশসহ স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, গণমাধ্যম ও বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করা, সংবিধানের ৭০ এ ধারা বাতিলসহ প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক নির্বাহী ক্ষমতা বাতিল, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি ও লুটপাট কঠোরভাবে বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব দাবির ভিত্তিতে গণতান্ত্রিক বাম মোর্চা আন্দোলন বিকশিত ও জোরদার করার উদ্যোগ নেবে। পাশাপাশি সিপিবি-বাসদসহ বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গেও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা নেবে।
সংবাদ সম্মেলনে বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।