নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: হানিফ

সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় জন্য সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বেগম ফজিলাতুননেসা মুজিবের নামে নবনির্মিত একাডেমিক ভবন ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের উদ্বোধন শেষে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, জনগণ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে; সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় নির্বাচন। দলীয়ভাবে এই নির্বাচন করার কোনো সুযোগ নেই। তবে রাজনৈতিক ও দলীয়ভাবে সমর্থন করার সুযোগ আছে। এই নির্বাচনে কোন দল কাকে সমর্থন দিচ্ছে, সেটি বড় বিষয় নয়। তিনি আরও বলেন, জনগণ যাঁকে ভোট দেবেন, তিনিই নির্বাচিত হবেন। জনগণই বিচার করবেন তাঁরা ভালো লোককে, নাকি খারাপ লোককে নির্বাচিত করবেন। এটা জনগণের এখতিয়ার।
অনুষ্ঠানে আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল ইসলাম, সাবেক সাংসদ বদরুদ্দোজা গামা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।