নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে ছাত্রদল ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে গ্রেপ্তার করা ছিল প্রথম আঘাত। তারেক রহমান যে সম্ভাবনা নিয়ে রাজনীতিতে এসেছেন, তা সমূলে ধ্বংস করতে এ আঘাত করা হয়েছে। তিনি বলেন, অনেক প্রাণ গেছে, অনেকে গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন; এই ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
ফখরুল যখন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছিলেন, তখনই মিলনায়তনের ভেতরে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুই পক্ষ। পরিস্থিতি শান্ত হওয়ার পর ফখরুল অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের সব নেতাকে একসুরে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন নয়।
সভায় অন্যদের মধ্যে ছাত্রদলের সাবেক নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।
নারী দিবসের শোভাযাত্রা
নারী দিবস উপলক্ষে সকালে নয়াপল্টনে মহিলা দলের শোভাযাত্রা উদ্বোধনকালে মির্জা ফখরুল দাবি করেন, গণতন্ত্রের মুক্তির ওপর নারীমুক্তি, নারী অধিকারসহ সবকিছু নির্ভর করে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা থাকলে নারী অধিকার প্রতিষ্ঠা করা যাবে।
দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইলের নাইটিংঙ্গেল মোড় ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।