নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি
দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে সাদা দলের ব্যানারে শিক্ষকেরা এ দাবি জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণতন্ত্রের খোলসে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনি সরকারকে এই রাজনৈতিক অচলাবস্থা নিরসনের উদ্যোগ নিতে ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনার আহ্বান জানান।
কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, দেশে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, ট্রাক, বালু, ইট, পাথর দিয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যায় না।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আবদুর রশীদ, আইন বিভাগের অধ্যাপক এস এম হাসান তালুকদার, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।