নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেত্রকোনার মতো সারা দেশে সরকার বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না।
গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। মাত্র চার মিনিটের বক্তব্যে তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, তাঁর দলের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষকে হত্যা-গুম করা হচ্ছে। দেশে গণতন্ত্র আজ হুমকির মুখে। তিনি বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এবং খালিয়াজুরি উপজেলায় পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে যান। এর আগে তিনি জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সভা করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠেলা-ধাক্কায় সাতজন সাংবাদিক আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান সভাপতিত্ব করেন।