বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি অটল থাকবে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
গতকাল শনিবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। অনুষ্ঠানে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ভাসানী স্মৃতি সংসদের সহসভাপতি, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের নিন্দা ও তাঁর মুক্তির দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, শফিক রেহমানকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শফিক রেহমানের পাশাপাশি মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানেরও মুক্তির দাবি জানান।
বিএনপিতে যোগ দেওয়া বাম ধারার সাবেক এই নেতাদের স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা ভুলে গেছি কে ডান, কে বাম। ক্ষমতা আমাদের কাছে বড় নয়। আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক।’
ব্যাংক খাতে ডিজিটাল কায়দায় লুট করছে সরকার—এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘আজকে যারা ইয়াং জেনারেশন আছে, তাদের জেগে উঠতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তারা বসে থাকলে নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।’