নিরপেক্ষ সার্চ কমিটি না হলে মানুষ তা গ্রহণ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছ থেকে একটি নিরপেক্ষ সার্চ কমিটি আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ সার্চ কমিটি না হলে মানুষ তা কখনো গ্রহণ করবে না।

গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করার জন্য খালেদা জিয়া একটি সুন্দর প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন। আমরা আশা করব, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্য হবে।’

রাষ্ট্রপতির সংলাপের আহ্বানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বরাবরই রাষ্ট্রপতির ওই বক্তব্যই বলে এসেছি। রাষ্ট্রপতি সেটা বলেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ।’

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজ জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী। আমরা শপথ নিতে এসেছি, জিয়াউর রহমানের আদর্শ, রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখব।’